প্রিয়তমাসু আমি তিনদিন খাইনি। কেউ কোনও খাবার দিয়ে যায়নি। কী করে দেবে? গুহার বাইরে প্রচন্ড বরফ পড়ছে। যে কোনও দিন আমি গুলিতে মারা যাব। যে কোনও দিন তুমি টিভির পর্দায় আমার মুখ দেখতে পাবে।আমি গুহার ভেতর সারারাত কম্পিউটরের সামনে বসে। কতদিন আমি বকুল ফুলের গন্ধ পাইনি। কতদিন আমি গরম রুটি খাইনি। কতদিন আমি তোমার ঘাসে হাত দিইনি। কালো ঘাস। আঃ! ভাবলেই চে গুয়েভারা ছুটে বেড়ায় শরীরে। স্টালিনকে হাতের মুঠোয় ধরে বসে থাকি। তার মুখ দিয়ে গরম বেরিয়ে আসে। আঃ, গরম। আমার স্টালিন ভালো আছে। তোমার সাইবেরিয়া? হা,হা,হা… এখানে কেউ আমার জন্মদিন কবে জানে না। আমি পড়াশুনায় ভাল ছিলাম। অধ্যাপক বাবার ছেলে। কম্পিউটরে আমার চাইতে কেউ ভাল ছিলনা। আজ আমি গুহায় বসে আছি।কিন্তু কেন? প্রিয়তমাসু,মাই লাভ,তুমি এর উত্তর পাবে যদি অত্যাচারের ইতিহাস পড়ো। কত হাজার কোটি ডলার খরচ করে ওরা গরিবকে আরও গরিব করে চলেছে। ১১ বছরের একটি বালককে একটি পাউরুটি কিনে দিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, তোর কি হয়েছে রে? সে গোগ্রাসে পাউরুটি কামড় দিয়ে বলেছিলঃ আমার বাবা-মাকে ওরা পুড়িয়ে দিয়েছে,জ্যান্ত। ছেলেটা খেতে খেতে কর গুনছিল, বাবা-মা, দুই ভাই, তিন বোন…এক,দুই,তিন,চার...